হঠাত্ প্রধানমন্ত্রীকে দেখে হতবাক বিমান যাত্রীরা

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৭
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিজনেস ক্লাস থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী। এতে বিমানটির সাধারণ যাত্রীরা হতবাক হয়ে যান। তাদের সামনে এসে দাঁড়িয়েছেন কিনা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা! তাদের ঘোর যেন কাটে না! এসময় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ হাসিমাখা মুখে এগিয়ে এসে সবার সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তুলেন এবং শিশুদের কোলে নিয়ে আদর করেন। প্রধানমন্ত্রী লন্ডন সফর শেষে দেশে ফেরার সময় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লন্ডন থেকে ঢাকার পথে উড়ে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘রাঙা প্রভাত’ নামক ভিভিআইপি ফ্লাইটটিতে বয়ে যায় আনন্দের ঢেউ। কারো সঙ্গে হাত মিলিয়ে, কাউকে জড়িয়ে ধরে, কারো সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করে এগিয়ে চলেন শেখ হাসিনা। শিশুদের সঙ্গে নিয়ে একের পর এক ছবি তুলেন। নারীরা এগিয়ে গিয়ে সামিল হন সেই ছবিতে। প্রবীণদের দিকে ঝুঁকে তাদের শরীর-স্বাস্থ্যের খবর নেন প্রধানমন্ত্রী। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটের ভ্রমণ যাত্রীদের কেমন লাগছে সে ব্যাপারেও জানতে চান শেখ হাসিনা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী ও তাঁর ৫৬ জন সফরসঙ্গী ছাড়াও ঢাকা ও সিলেটগামী ৩২০ জন যাত্রী ছিলেন এই ফ্লাইটে। প্রধানমন্ত্রী যখন সকলের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তখন তার সঙ্গে ছিলেন বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, কয়েকজন নিরাপত্তাকর্মী ও ব্যক্তিগত কর্মকর্তা। প্রধানমন্ত্রীকে বিমানের প্যাসেজ ধরে হাঁটতে দেখে যাত্রীদের মধ্যে ওঠে উল্লাসের ধ্বনি। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য। এ সময় দুটি শিশু এসে একজন নিরাপত্তা কর্মকর্তার হাতে মোবাইল ফোন তুলে দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি তুলে দিতে বলে। প্রধানমন্ত্রীও হাসিমুখে দুই শিশুর সঙ্গে দাঁড়িয়ে যান ছবি তোলার জন্য। শেখ হাসিনা এ সময় কয়েকজন নারী যাত্রীর হাত ধরে তাদের খোঁজ-খবর নেন। শিশুদের কোলে তুলে আদর করেন। এভাবে সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে এসে নিজের আসনে ফেরেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী নিজের আসনে ফেরার পর পুরো বিমানজুড়ে শুরু হয় আলোচনা। অনেককে বলতে শোনা যায়, জীবনে প্রথমবারের মতো শেখ হাসিনাকে এতো কাছ থেকে দেখলাম! কতো সহজে তিনি মানুষের সঙ্গে মিশে গেলেন দেখে অনেকে পুলকিতও হন।