ফুলবাড়িয়ার বিলে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৯
ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা বিলে নৌকা ডুবিতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ১ জন শিশু নিখোঁজ রয়েছে। অসুস্থ হয়েছে আরো ২০ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বড়বিলা বিলে খেয়া নৌকা দিয়ে পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে বিলে মধ্যখানে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় প্রায় ৩০ জন যাত্রী ছিল। অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে পাড়ে উঠলেও শিশু ও নারীসহ ৫ জন পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় জনতা এক শিশুসহ ৫ জন নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরা হলেন ১২ বছরের শিশু সুমিত্রা সাংমা, ১৮ বছরের রিনা, ২৫ বছরের সাজেদা, ২৮ বছরের সাহেরা খাতুন ও ২৪ বছরের রওশন আরা। ফুলবাড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া জানান, নিহতরাসহ নৌকায় থাকা যাত্রীরা রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার থেকে ভিজিএফের চাল নিয়ে হাতিলেট এলাকার নিজ বাড়ি ফিরছিল। উদ্ধার কাজ চলছে। এদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলা হাতিলেট গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিল। এলাকাবাসী নিজস্ব উদ্যোগে লাশের সন্ধান চালায়।