প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি এই ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রথমবারের মতো অনুষ্ঠিত গার্ল সামিটে যোগ দিতে সোমবার লন্ডনে যান। গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ইউরোপের কোন দেশে এটি ছিল শেখ হাসিনার প্রথম সফর। সফরকালে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অর্থনীতি, সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বৃটিশ প্রধানমন্ত্রী। এই সাফল্য কিভাবে এলো তা দেখতে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেন ডেভিড ক্যামেরন। মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত ‘গার্ল সামিট-২০১৪’ এ প্রধানমন্ত্রী ২০ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেখানে তিনি বাংলাদেশে বাল্যবিয়ের ক্রমহ্রাসমান চিত্র এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সামিটের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেন এবং ওয়ালওর্থ একাডেমিতে বুর্কিনাফাসোর ফার্স্টলেডি চাঁতাল কম্পাওর ও পাকিস্তানের বিশিষ্ট শিশু শিক্ষাকর্মী মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে মতবিনিময় করেন। জোরপূর্বক ও বাল্যবিবাহ বন্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্য সরকার ও ইউনিসেফ প্রথমবারের মতো এ সামিটের আয়োজন করে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাত্ করেন সর্বদলীয় ব্রিটিশ সংসদীয় দল, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েন, ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক, যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডার, ব্রিটিশ হাউস অব কমন্সের স্বরাষ্ট্র বিষয়ক নির্বাচন কমিটির চেয়ারম্যান কিথা ভাজ প্রমুখ। বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীসহ যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশের কয়েকজন সিনিয়র সাংবাদিকও হোটেল স্যুটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় লন্ডন হিলটন হোটেলে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন। বুধবার সকালে তিনি বিবিসি ওয়ার্ল্ড রেডিও ও বিবিসি বাংলা সার্ভিসকে সাক্ষাত্কার দেন। এদিন ব্রিটিশ হাউজ অব কমন্সের হোম অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন তিনি। দুপুরে লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।