বায়তুল্লাহ শরীফে ইবাদত বন্দেগীর মাধ্যমে গতকাল পবিত্র শবে কদরের রাত অতিবাহিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ফরজ ইবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইলসহ সব ধরনের নফল ইবাদত করেন। ইবাদত বন্দেগীতে অন্যান্য দিনের মতো তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তান।
মদিনায় রাসুল (সা:) এর রওজা জিয়ারতসহ ইবাদত শেষ করে বেগম জিয়া মঙ্গলবার মক্কায় পৌঁছান। মদিনার মতো মক্কা প্রবাসী বাংলাদেশিরা তাকে একনজর দেখার জন্য হারাম শরীফ সংলগ্ন রয়েল প্যালেসের সামনে ভীড় করছেন।
কিন্তু রমজানের শেষ দশ দিনের মহাপবিত্র এই সময়ের ইবাদতের কারণে তিনি নেতাকর্মীদের সাক্ষাত্ দিচ্ছেন না। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
তারেক রহমান মদিনায় নেতাকর্মীদের সঙ্গে ইফতার ও মতবিনিময়সহ বিভিন্ন সাংগঠনিক কাজ করেছিলেন। মদিনার মতো মক্কায়ও প্রিয় নেতার সঙ্গে সাক্ষাত্ পাওয়া যাবে— এমন আশায় অনেক প্রদেশ থেকে নেতাকর্মীরা মক্কায় ছুটে এসেছেন। কিন্তু তারেক রহমান কোন নেতাকর্মীর সঙ্গে দেখা করছেন না। শুধু ইবাদত নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এছাড়া রয়েল প্যালেসের অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনীর কারণে সিনিয়র কোন নেতাও তাদের সঙ্গে দেখা করতে পারছেন না।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া পবিত্র মক্কায় আসার পর থেকে ইবাদত বন্দেগীতেই সময় কাটাচ্ছেন। একইভাবে শবে কদর পালন করেন তিনি। ইবাদত বন্দেগী ছাড়া তার অন্য কোন কর্মসূচি নেই।
গত ২০ জুলাই খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সফরের শুরুতে মদিনায় তিনি মহানবীর (সাঃ) রওজা মোবারক জিয়ারতের পাশাপাশি তিনদিন ইবাদত বন্দেগীতে কাটান। ২২ জুলাই মক্কায় এসে পবিত্র ওমরাহ পালন করেন। আগামীকাল শনিবার তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। একই দিনে লন্ডনে চলে যাবেন তারেক রহমান।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও রয়েছেন তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা রকীবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ শরীফ কামাল তাজ। এছাড়া খালেদা জিয়ার সফর সঙ্গীদের দেখভালের দায়িত্বে রয়েছেন বিএনপি নেতা আব্দুর রহমান, আহমেদ আলী মুকিব, জাহাঙ্গীর আলম মিন্টু।
