ব্রিটিশ ভিসার জন্য দিল্লি যেতে হবে না

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৫০
ব্রিটিশ ভিসার আবেদনের জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন নেই। ভিসা পাওয়ার ব্যাপারে আবেদনকারীদের বিচলিত হওয়ারও কোনো কারণ নেই বলে গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশিরা ঢাকা ও সিলেটে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করতে পারবেন। ভিসা আবেদনের মূল্যায়ন করা হবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন থেকে। তবে আবেদনকারীর পাসপোর্ট বাংলাদেশেই থাকবে। ভিসা আবেদনের খরচ একই থাকবে। নন সেটেলমেন্টের ক্ষেত্রে ১৫ কর্মদিবস ও সেটেলমেন্টের ক্ষেত্রে ৬০ কর্মদিবসে আবেদনের নিষ্পত্তি করা হবে। ব্রিটিশ হাইকমিশন জানায়, খরচ কমানোর উদ্দেশ্যে ইউনাইটেড কিংডম ভিসাস এন্ড ইমিগ্রেশন (ইউকেভিআই) বিশ্বব্যাপী ভিসা আবেদনের কেন্দ্রসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ভিসা সেকশন বিলুপ্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর ২০১৪ থেকে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ভিসার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।