নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনি ঢেবার পাড় এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মিরাজউদ্দিন (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। একই ঘটনায় আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। সংঘর্ষকারীরা যুবলীগের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান।
পুলিশ জানায়, নিহত মিরাজ উদ্দিন একজন রিকশাচালক। সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে এসে পড়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহতরা হলেন মো. রহিম (৩০), নূর হোসেন (২৭) এবং আনোয়ার হোসেন (১৮)। এদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরাজের বাবা আমিনুল হক বাদি হয়ে বায়েজীদ থানায় একটি মামলা করেছেন।
সিএমপির সহকারি কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা ইত্তেফাককে জানান, এলাকায় চাঁদাবাজি, সরকারি খাসজমি দখলসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। পুরো এলাকাকে দু’টি জোনে ভাগ করে দু’টি গ্রুপ অপরাধমূলক কাজ করত। এই দুই গ্রুপের দ্বন্দ্ব থেকে বুধবার রাতে সংঘর্ষের সূত্রপাত।
