যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত চার ঈদের তুলনায় এবারের ঈদে মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান মোড়ে যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সড়কের কারণে এবার ঈদে কোথাও যানজট হবে না। যাত্রীরা যানবাহনে স্বস্তিতে চলাচল করতে পারবেন। এ সময় মন্ত্রী মোটর সাইকেলের চালক ও আরোহীদের হেলমেট পরতে উত্সাহিত করেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, যানজটের জন্য মহাসড়ক ব্যবস্থাপনা দায়ী নয়। তিনি বলেন, ২০ জুলাইয়ের মধ্যে মহাসড়ক সংস্কারের কোন আল্টিমেটাম তিনি দেননি, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মাত্র। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আশা করি মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। গত দশ দিনে বাংলাদেশে কোথাও মহাসড়কের খানাখন্দের জন্য যানজট হয়নি।
ওবায়দুল কাদের বলেন, দেশের ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত ও সংস্কার করা হচ্ছে। এজন্য একটি মনিটরিং সেল এবং মোবাইল টিম গঠন করা হয়েছে। যেখানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেই সংস্কার ও মেরামত করা হবে। বিভিন্ন সড়ক পরিদর্শনের কথা উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী বলেন, তিনি সড়ক পরিদর্শন করছেন এবং যেখানেই সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেই মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নিচ্ছেন। তিনি বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী গুলিস্তান মোড় এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শনকালে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের কারণে বৃহস্পতি ও শুক্রবার দুই দিন সড়কে যানবাহনের ভিড় থাকবে। এই যানবাহনগুলো যাতে দ্রুত যাতায়াত করতে পারে সে জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
