ঈদের আগে শ্রমিকদের ক্ষতিপূরণ পরিশোধের উদ্যোগ গ্রহণের জন্য সরকার, বিজিএমইএ, ট্রাস্ট ফান্ড প্রাইমার্কের উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতৃবৃন্দ। তারা বলেছেন, রানা প্লাজা ধসের ১৫ মাস অতিবাহিত হয়েছে, অন্যদিকে আর কদিন পরই ‘ঈদ’। কিন্তু এখনো শ্রমিকরা যথাযথ ক্ষতিপূরণ পায়নি। ঈদের আগে এই ক্ষতিপূরণের অংশ প্রদানের কথা পত্রপত্রিকায় আসলেও এখন পর্যন্ত তার নজির দেখা যায়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে সাভার রানা প্লাজার সামনে নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখ্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জুল হাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, আবু শামাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
নেতৃবৃন্দ অবিলম্বে হয়রানি বন্ধ করে সকল ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ পরিশোধের আহ্বান জানান। অন্যদিকে এখন পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৬০ এর ওপর নিখোঁজ শ্রমিকের ক্ষতিপূরণ কিভাবে হবে তার বিষয়ে সরকার বিজিএমইএ এখনো কোন ঘোষণা দেয়নি।
নেতৃবৃন্দ, তহবিল পূর্ণাঙ্গ হয়নি বলে ক্ষতিগ্রস্তদের কিস্তিতে ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
