হবিগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৫৫
জেলায় ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) স্ট্যান্ডের দখল নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে ভয়ানক সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরতলীর কোর্ট স্টেশন এলাকায় ব্যাটারি চালিত টমটম স্ট্যান্ডের দখল নিয়ে সুলতান মাহমুদপুর গ্রামের এবং রিচি গ্রামের কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গতকাল সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় শতাধিক রিক্সা, টমটম, জীপ (চান্দের গাড়ি), ব্যবসায় প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।