ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

সাময়িক সংস্কারে যান চলাচলে কিছুটা উন্নতি

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৫৬
ইটের খোয়া, বালি দিয়ে খানা-খন্দ মেরামত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কার কাজ চলছে। বর্তমানে এই মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা উন্নতি হয়েছে। তবে সড়কের মূল কাজ অর্থাত্ চার লেনে উন্নীত করার কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। সরজমিনে দেখা গেছে, ইট-বালি ফেলে রোলার মেসিনে সড়কের ছোট-বড় গর্ত ভরাট করে সমান করা হয়েছে। অনেকেই বলছেন, ভারী বৃষ্টি হলে এই ইট-বালি উঠে গিয়ে আবারো গর্তের সৃষ্টি হবে। গাড়ি এসব গর্তে আটকে যাবে, গাড়ির গতি কমে যাবে এবং ফল হিসেবে দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে। বর্তমানে এ সড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈলর, ধানিখোলা বাজার, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢালাই মেরামতের কাজ চলছে। যোগাযোগ মন্ত্রীর নির্দেশে মেরামত কাজের গতি বাড়লেও সড়কের মূল নির্মাণ কাজের গতি বাড়েনি। জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের ফোরলেনের তৃতীয় অংশ শ্রীপুরের নয়নপুর থেকে ত্রিশালের রায়মনি বাজার পর্যন্ত বিস্তৃত। এ অংশে পুরনো সড়কের যে সব স্থানে বেশি পরিমাণে কার্পেটিং উঠে গেছে সে সব স্থানে ইট দিয়ে হেরিংবোন বাইন্ডিং করা হচ্ছে। ব্যাপক হারে গাড়ি চলাচল করলে এসব ইট ভেঙ্গে যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে ইট ভেঙ্গে কাদার সৃষ্টি হবে। মহাসড়কের চেলের ঘাট, ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড থেকে বাঘরাপাড়া, সিডস্টোর বাজার, জামিরদিয়া মাস্টারবাড়ি থেকে জয়না বাজার, এমসির বাজার ও মাওনা চৌরাস্তায় ৩০টি পয়েন্টে রাস্তায় খানা খন্দক রয়েছে। সওজসহ বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ঈদ উপলক্ষে মহাসড়কের মেরামতের কাজের জন্য ৩টি টিম সার্বক্ষণিক কাজ করছে। সরেজমিনে দেখা যায়, ঠিকাদারের লোকজন মহাসড়কে মেরামতের কাজ করছে। উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।