অন্ধকারে আতিপাতি খুঁজি
শস্যের জমি, জলের কলস অথবা
স্পর্শ অনুভব করার নরম কোনো হাত,
খুঁজতে খুঁজতে দিন শেষ, রাত্রি নামে—আবার সকাল
নতুন দিনের শুরুতে উঠে এসে হাতে বসে
ঝলমলে একটি পাখি ডানাকাটা—ঠোঁটে তার শস্যদানা
বীজ নিয়ে এসেছে সে—
জমি চাষ করে বীজ বপনের আনন্দ
ছড়িয়ে দিতে হবে নিজের ভেতর
এখানেই জমি, এখানেই চাষি—
খুঁজতে খুঁজতে পেরেশানি কেটে যায়
আমি বুঝতে পারি—
সম্পদের পাহাড়, হীরার খনি, সুবর্ণ জৌলুস সবই তো এখানে—
সাড়ে তিন হাত জমিতে পুরাটা পৃথিবী অর্থাত্
বীজ বপনের উত্সবে প্রকৃতি তার সৈন্যদল নিয়ে হাজির হয়েছে
আগে যেমন হাজির হয়েছিল।
