১.
ভরাগাঙ মরাগাঙ কোনো গাঙে যার হয় না ঠাঁই—
তার জন্যে কে বিলাপ করবে আর? যার কিচ্ছু নাই?
২.
বিরহ কী আসলে আগুন? পুড়লে তবে ছাই কোথা যায়?
একসময় ফিরে আসে উত্সমূলে, নিজভূমে,আপ্না ঠিকানায়।
৩.
রে অন্ধ পাতক, তুই, শ্রমণের ভিক্ষাপাত্রে উপেক্ষার দানা
মুষ্টিভরে দিয়ে পাপ স্খালনের চেষ্টা কর, নাই বিঘ্ন মানা
৪.
কলঙ্কের ভাগটুকু একলা তুমি কেন নেবে, আমাকেও দিয়ো
বিনিময়ে অভাগার ভালোমন্দ অর্জনের সব শুষে নিয়ো।
৫.
নদীর স্রোতে দেখেছিলাম ও দরদি তোমার মুখচ্ছবি
নাওবিহনে বিরহগাঙ কীভাবে পার হবে তোমার কবি?
