জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চালের ভিজিএফ কার্ড ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন চাল বিতরণ বন্ধ করে দিয়েছে। বঞ্চিত এলাকাবাসীর বিক্ষোভের মুখে বুধবার দুপুর থেকে ভিজিএফ চাল বিতরণ বন্ধ করে। গত বৃহস্পতিবার সঠিক কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করতে না পেরে আগামী রবিবার পর্যন্ত চাল গুদামে সীলগালা করা হয়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান এই সীলগালা করেন। বালিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কিছু সংখ্যক নেতাকর্মী এ কাজটি করায় দুঃস্থদের ঈদ করা একরকম অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান জানান, সুষ্ঠুভাবে চাল বিতরণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামী রবিবার পর্যন্ত আমরা চাল বিতরণ স্থগিত করেছি। চেয়ারম্যান মেম্বারদেরকে দু’দিনের মধ্যে সঠিক গরীব দুঃখীদের নামের তালিকা করার নির্দেশ দিয়েছি, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তাদের ছুটিও বাতিল করেছি ।
