সুন্দরী তরুণীদের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে যুবকদের কৌশলে আটক করে অবৈধভাবে অর্থ আদায়ের একটি চক্রের সন্ধান পেয়েছে দিনাজপুর কোতয়ালী পুলিশ। এ চক্রের তিনজন যুবককে গ্রেফতারের পর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, গত বুধবার সকাল ১১টায় এক সুন্দরী তরুণীকে দিয়ে মোবাইল ফোনে প্রেম নিবেদন করে এই মামলার এজাহারকারী আব্দুল কাদেরকে দিনাজপুর শহরে ডেকে নেয়। এরপর তাকে ওই যুবতী মুদিপাড়া এলাকার একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে আটক করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মোবাইল ফোনে আব্দুল কাদের তার পরিবারের নিকট বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা চান। গত বুধবার বিকালে ৩০ হাজার ও রাতে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ নেয়া হলেও কাদেরকে ছেড়ে না দিয়ে তাকে হত্যা করার হুমকি দিয়ে অবশিষ্ট চাঁদার দেড় লাখ টাকা মোবাইল ফোনে দাবি করে।
এলাকাবাসী ঘটনাটি কোতয়ালী থানার পুলিশকে জানালে গত বৃহস্পতিবার ১১টায় ঘাসিপাড়া পানির ট্যাংকির পাশের একটি বাড়ি থেকে কাদেরকে উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ৩ জন আসামিকে গ্রেফতার করলেও তাদের সহযোগী রাজিব ও কাইয়ুম পালিয়ে যায়। এই চক্রের হোতা সুন্দরী তরুণীর সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের পুত্র অপহূত আব্দুল কাদের বাদী হয়ে ৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
