ময়মনসিংহের গফরগাঁওয়ের গফরগাঁও-ভালুকা সড়কে বৃহস্পতিবার গভীর রাতে যানবাহন থামিয়ে ডাকাতির সময় তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। ডাকাত দলের হামলায় দুই যাত্রী আহত হয়। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রৌহা গ্রামের সৌদি প্রবাসী আলম সারওয়ার ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল বাজার এলাকায় ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাতদল সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে মাইক্রোবাসের যাত্রীদের রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ,স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাত দলের হামলায় আলম সারওয়ার ও নূর ইসলাম নামে দুই যাত্রী আহত হয়। পরে অন্য যানবাহন চালক ও যাত্রীদের কাছ থেকে মোবাইলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভারইল গ্রামে অভিযান চালিয়ে কাপড়ভর্তি একটি লাগেজসহ বাহার(২২),তপন(১৯), রাসেল(২০) নামে তিন ডাকাতকে আটক করে। গফরগাঁও ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
