সিদ্ধিরগঞ্জে অটো চালককে গলা কেটে হত্যাসহ পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সিদ্ধিরগঞ্জে অটো চালককে
গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাত ৩টায় আব্দুল করিম (৩০) নামে এক অটো চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত করিমের মা বাদি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা আব্দুল করিমকে অন্যত্র হত্যা করে তার লাশ উক্ত স্থানে ফেলে গেছে।
বগুড়ায় যুবলীগ কর্মী খুন
বগুড়ার জ্বলেশ্বরীতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় গোলাম হাফিজ লিখন (৩৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। নিহত লিখন বগুড়া সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লাইজিন আরা লিনার ছোট ভাই।
শহরের চকলোকমান এলাকায় প্রতিপক্ষ লিখনের শ্বশুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করাকালে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে করতোয়া নদীতে ফেলে দেয়। শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।
বড়াইগ্রামে ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে আব্দুল গফুর (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণ মোহন সরকার ও নিহতের পরিবার জানান, আব্দুল গফুর ভোর রাতে সেহেরী খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে তার ঘরের দরজা খোলা দেখে পরিবারের লোকজন ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের আড়ার সাথে রশিতে আব্দুল গফুরকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
আব্দুল গফুরের প্রথম পক্ষের ছেলে শফিকুল ইসলাম জানান, কয়েকদিন যাবত্ ছোট মায়ের সাথে বাবার ঝগড়া চলছিল। আমার বাবাকে হত্যার পর ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলন্ত বাবার দুই পা মাটির সাথে ঠেকে রয়েছে। এ ঘটনায় নিহত আব্দুল গফুরের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।
তানোরে ব্যবসায়ীকে হত্যা
রাজশাহীর তানোর এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে দুলাল চন্দ্র বিশ্বাস নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়রা ধানক্ষেতে দুলালের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরনে লুঙ্গি ও চেকশার্ট ছিল। আলামত দেখে মনে হচ্ছে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা দুলালকে শ্বাসরোধে হত্যা করে।
