দেশের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
হবিগঞ্জ
হবিগঞ্জে মসজিদে মসজিদে দোয়ায় ইসরাইলী হামলায় নিহত নিরীহ ফিলিস্তিনীদের নাজাত কামনা করা হয়। আহতদের সুস্থতা কামনার পাশাপাশি তাদের রক্ষায় আল্লাহর সাহায্য চাওয়া হয়। এছাড়া জেলার প্রতিটি মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুমাতুল বিদা পালিত হয়েছে। এ উপলক্ষে মসজিদগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মুসল্লি হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিক্ষুব্ধ সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী (পিরোজপুর)
গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর গণহত্যার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কেন্দ্রীয় মসজিদের মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোদা (পঞ্চগড়)
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা শহীদ মিনার চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সংগঠনের বোদা উপজেলা সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম।
গৌরপুর (ময়মনসিংহ)
গাজায় ইসরাইলের হামলায় নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গৌরীপুর পৌর শহর প্রদক্ষিণ করে।
মুকসুদপুর (গোপালগঞ্জ)
গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবিতে শুক্রবার মুকসুদপুর উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে জুমা নামাজের পর তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আদিতমারী (লালমনিরহাট)
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্বিচারে নিরপরাধ মুসলিম নারী ও শিশু গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আদিতমারী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আদিতমারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা রেলস্টেশন হয়ে বুড়িরবাজারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোঃ হাদিউল ইসলাম, জেলা শাখার সেক্রেটারী সফিউল্লাহ মাহমুদী ও উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম সাদী। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর রহমান রুহানী।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
ফিলিস্তিনির উপর ইসরাইলি হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুম্মা পৌরশহরের সড়ক বাজারে আখাউড়ার ওলামায়েকেরাম ও তওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল আমান জামে মসজিদের সামনে এসে শেষ হয়। বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন, মুফতি আসাদুজ্জামান, মাজহারুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ বাহার, ইসলামী আন্দোলন আখাউড়া শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও হাজী ইয়াকুব মিয়া প্রমুখ।
