ফিলিস্তিনিদের হত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে :নাসিম

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:১৮
পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলা ও হত্যাকাণ্ড বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতারপূর্ব এক সমাবেশে তিনি এ আহবান জানান। বেগম খালেদা জিয়ার ঈদের পর আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর বিএনপি দেশে জ্বালাও, পোড়াও ও হত্যার রাজনীতিকে উসকে দেয়ার পাঁয়তারা করছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার খেসারত জনগণকে নয়, বেগম খালেদা জিয়াকেই দিতে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে ভবিষ্যতে কেউ যদি দেশে কোন ধরনের ধ্বংসাত্মক কাজ ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে তবে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। জনগণের স্বার্থেই সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি বিএনপিকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। কাজীপুর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে ইফতার পূর্ব এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম। সমাবেশে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য দেন।