মুজিব ইরম বলে নাই দ্বিধা নাই, আর না ছাড়িব যদি বন্ধুয়ারে পাই। তুমি নু আমার বন্ধু তুমি নু আমার, তোমার বিহনে মন কান্দে জারেজার। তুমি নু আমার ছিলে আমারই তো আছো, তুমি নু বলেছিলে সুর নিয়া বাঁচো। তাই আমি বারবার তুমি নাম বাঁধি, তাই আমি বারবার তুমি নামে কাঁদি। পাবো পাবো পাবো বলে জিন্দেগি গোয়াই, নাম নাম করে করে আগুন পোহাই। পরেছি পরেছি দেহে বলে জনে জন, তোমার নামের ধূলি গেরুয়া বসন। তুমি ছাড়া আমি হায় ডানা ভাঙা পাখি, তুমি ছাড়া আমি হায় দিনে আন্ধা আঁখি! আমারে নু তুমি বুলে পাগল করিছো, নিরলে বাঁধিয়া গান তুমি নু ধরিছো! আর নি আমার মন নিরানন্দ থাকে, আর নি আমার মন খোঁজে যাকেতাকে!
যদিবা তোমার দয়ামায়াটুকু পাই, ইরমের মনে আর কোনো দুঃখ নাই।
