যানজটমুক্ত ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু এক্সেস মহাসড়ক

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:৪৭
বদলে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস রোড মহাসড়ক। চিরচেনা সেই ব্যস্ততম মহাসড়কে অতীতের মত নেই কোন যানজট। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের নেই কোন দুর্ভোগের চিত্র। রয়েছে পুলিশের কঠোর নজরদারী। ঘাটে ঘাটে বসেছে পুলিশের চেক পোষ্ট। ফলে নেই কোন যানজট । সুশৃখল পরিবেশে চলাচল করছে যানবাহন। গতকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে যানজটমুক্ত মহাসড়কের এই চিত্র। গতকাল শুক্রবার গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, ঈদে যাত্রী সেবার কথা বিবেচনা করে টাঙ্গাইলের পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ রোডের কালিয়াকৈর চন্দ্রা থেকে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত মহাসড়ক দেখাশোনার জন্য ৪৭১ জন পুলিশ এবং ৪০ জন হাইওয়ে পুলিশ নিয়োগ করা হয়েছে। এছাড়া মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে আসা আরও ১২০ জন এসআই, এএসআই ও কনস্টেবলকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। এক কিলোমিটার পর পর বসানো হয়েছে পুলিশের তাবু। সেই তাবুতে বসে তিনজন পুলিশ অফিসারের নেতৃত্বে ১০ জন পুলিশ নিরলসভাবে কাজ করছেন। এছাড়া রয়েছে টহল ও মোবাইল পার্টি । গতকাল এ মহাসড়কের গোড়াই, ক্যাডেট কলেজ, দেওহাটা, মির্জাপুর বাইপাস, ইচাইল, কুরনি, পাকুল্যা, নাটিয়াপাড়াসহ বিভিন্ন স্পটে গিয়ে দেখা গেছে কোথাও কোন যানজট নেই । এদিকে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগ ভাঙ্গাচোরা অংশ মেরামত ও গর্ত ভরাট করে পুরো রাস্তা সচল করেছেন। এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসন, পুলিশ সুপার, মির্জাপুর, বাসাইল, দেলদুয়ার ও কালিয়াকৈর থানা প্রশাসন ও পুলিশ প্রশাসন নানা পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঈদে যানজট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঈদের পরের তিন দিন পর্যন্ত তাদের এ ব্যবস্থা বলবত্ থাকবে।