সিলেট নগরীর সুবিদবাজারে সশস্ত্র মহড়া চালিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সুবিদবাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা মার্কেট-দোকান বন্ধ করে দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ছাত্রদল নেতা-কর্মীদের হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুবিদবাজারের ইস্টার্ণ থাই অ্যালুমিনিয়ামের সামনের আড্ডাস্থলের দখল নেয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আশরাফ সিদ্দিকী ও স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান গ্রুপ এবং ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন গ্রুপের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সুবিদবাজারে জড়ো হয়ে সশস্ত্র মহড়া প্রদর্শন করে স্থানীয় ছাত্রলীগ নেতারা। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা সুবিদবাজারের আলি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার এলাকায় অবরোধ করে রাত পৌনে ১২টা পর্যন্ত। এসময় ছাত্রলীগ পুলিশকে আলটিমেটাম দিয়ে বলে ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল নেতা নাচন ও নাবিলকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
