রংপুরে গত বৃহস্পতিবার বিএনপি’র দু’গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল শুক্রবার ১টি গ্রুপের ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ নেতাকর্মীর নামে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। কোতয়ালী থানার এসআই তৌহিদুল ইসলাম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় বিদ্রোহী গ্রুপের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামছুল হক ঝন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, ছাত্রদল নেতা লেদার সুমন, নোমান হাসান, শহিদুল ইসলাম লিটন, ওয়াহিদ মুরাদ, পারভেজ, রেজওয়ান, আরমান, মোস্তাফিজুর রহমান দিপু, রবিউল ইসলাম। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, আহত ও সন্ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এদিকে বিদ্রোহী গ্রুপের জেলা বিএনপি’র নেতা শহিদুল ইসলাম মিজুসহ নেতাকর্মীরা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অবৈধভাবে গঠিত কমিটির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলে অবৈধ কমিটির সশস্ত্র ক্যাডার ও পুলিশ আমাদের উপর হামলা চালায়। কিন্তু পুলিশ উল্টো অবৈধভাবে গঠিত কমিটির কারো বিরুদ্ধে মামলা দায়ের না করে পক্ষপাত মূলক আচরণ করেছে।
