ঠাকুরগাঁওয়ে দলীয় অফিসে লাঞ্ছিত এমপি রমেশ চন্দ্র

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২৩:০০
দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পৌর আওয়ামী লীগের এক সদস্যের হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের আওয়ামী লীগ অফিসে এ ঘটনার পর পূর্বনির্ধারিত মতবিনিময় সভাটি দ্রুত শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন রমেশ চন্দ্র সেন। দলীয় সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেনকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন পৌর কমিটির সদস্য আলম। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন। রমেশ চন্দ্র সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটাকে লাঞ্ছিত বলা যাবে না। সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। পৌর আওয়ামী লীগ নেতা আলমের অভিযোগ, রমেশ চন্দ্র ত্যাগী নেতাদের কোনো প্রকার মূল্যায়ন করছে না। তিনি হাইব্রিড নেতাদের সঙ্গে মিলে ত্যাগী নেতাদের বিভিন্ন সময় লাঞ্ছিত করছেন। এ কারণে জেলার বেশির ভাগ নেতাকর্মীই তার ওপর ক্ষিপ্ত।