সিলেটে ব্যবসায়ীকে নির্যাতন

পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ ওসি প্রত্যাহার

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২৩:০১
জেলায় ব্যবসায়ী কামাল চৌধুরীকে থানায় আটকে নির্যাতনের ঘটনায় কতোয়ালী থানার ওসি আতাউর রহমানকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী কামাল চৌধুরীকে গত ১৭ জুলাই সিলেট নগরীর নয়াসড়ক থেকে আটক করে পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গ করায় কামাল চৌধুরী, তার গাড়ি চালক হাফিজ, ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যানেজার সালমান ও লন্ডন প্রবাসী ভাগিনা সামস ইসলামকে থানায় নিয়ে নির্যাতন করা হয়। তবে কামাল চৌধুরীকে আলাদা একটি কক্ষে নিয়ে কতোয়ালী থানার ওসি আতাউর রহমানের নির্দেশে চোখ ও হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা। তাকে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। কামাল চৌধুরী বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। পুলিশি নির্যাতনের বিচার চেয়ে কামাল চৌধুরীর ভাই শামীম চৌধুরী গত বৃহস্পতিবার উচ্চ আদালতে একটি রিট করেন। এর প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ সিলেট কতোয়ালী থানার ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বণিক, এসআই আব্দুর রহিম, এএসআই তাহের ও কনস্টেবল অধীরের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশের আইজিপি ও সিলেটের পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং চার সপ্তাহের মধ্যে ঘটনার কারণ দর্শাতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হাইকোর্টের এই নির্দেশনার পর গত বৃহস্পতিবার রাতেই ওসি আতাউর রহমানকে সিলেট থেকে বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।