তীব্র স্রোতে ফেরি ও অন্যান্য নৌযান পারাপারে বাড়তি সময় লাগছে। এই অবস্থার মধ্যে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় পড়ে। পুলিশ ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে তত্পর থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে তেমন কার্যকর ছিল না।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই এ রুটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের উপচেপড়া ভিড় পড়ে। প্রতিটি ফেরি, লঞ্চ, স্পিডবোটেই ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়। ফেরি ও লঞ্চে নির্ধারিত ভাড়া আদায় করা হলেও স্পিডবোটগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তাল পদ্মানদী পাড়ি দিচ্ছে। লোকাল বাসগুলো রুট পরিবর্তন করে বরিশাল ও খুলনা রুটে চলায় যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে। শিবচর থানার ওসি আঃ সাত্তার বলেন, নদী ও ঘাট এলাকায় প্রায় ২ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। চাপ থাকলেও এখন পর্যন্ত ঘাট এলাকা যানজট মুক্ত রয়েছে।
