গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী আনছে লেনোভো

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২০:০৪
পরিধেয় প্রযুক্তি পণ্যের তালিকায় গুগল গ্লাস ইতোমধ্যেই অন্যতম শীর্ষ একটি স্থান দখল করে নিয়েছে। নিত্য নতুন ফিচারের অন্তর্ভুক্তিতে গুগল গ্লাস সাধারণ ব্যবহারের পাশাপাশি বিশেষায়িত বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহূত হওয়া শুরু করেছে। প্রযুক্তিবিশ্বে সফল সব প্রযুক্তি পণ্যের প্রতিদ্বন্দ্বী খুব অল্প সময়ের মধ্যেই বাজারে চলে আসলেও গুগল গ্লাসের ক্ষেত্রে এতদিনেও তার দেখা মেলেনি। অবশেষে চীনের লেনোভো বাজারে আনতে যাচ্ছে গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী একটি প্রযুক্তি পণ্য। শুধু তাই নয়, গুগল গ্লাসের যেসব সীমাবদ্ধতা এর মধ্যে চোখে পড়েছে, সেগুলো দূর করেই নতুন এই ডিভাইস বাজারে আনতে চায় লেনোভো। সম্প্রতি গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী এই ডিচিটাল চশমা অবমুক্ত করেছে তারা। এখন পর্যন্ত অবশ্য এর কোনো নাম দেওয়া হয়নি। গুগল গ্লাস বিভিন্ন ধরনের কার্যকারিতায় জনপ্রিয়তা পেলেও এর অন্যতম মূল একটি সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত হয়েছে এর ব্যাটারি ব্যাকআপ। এই সীমাবদ্ধতা দূর করতে লেনোভোর চশমার সাথে পৃথক একটি পাওয়ার ডিভাইসও রেখেছে লেনোভো, যেটি চশমা ব্যবহারকারীর ঘাড়ের সাথে একটি ব্যান্ডে সংযুক্ত থাকবে। নতুন এই চশমা সম্পর্কে খুব বেশি তথ্য লেনোভো না জানালেও তারা জানিয়েছে যে মূলত ইন্টারনেট অব থিংসের এই যুগে পরস্পরসংযুক্ত সব ডিভাইসের তালিকায় নিজেদের যুক্ত করতেই এই চশমা তৈরি করেছে তারা। পাশাপাশি ইন্টারনেট অব থিংসে নিজেদের সংযুক্তিকে আরও শক্তিশালী করতে ‘এনবিডি’ নামে বিশেষ একটি প্ল্যাটফর্মও তৈরি করেছে লেনোভো। অন্যান্য প্রযুক্তি পণ্য নির্মাতারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই ইন্টারনেট-সক্রিয় সব ডিভাইস তৈরি করতে পারবে। সব প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাতেই ইন্টারনেট অব থিং সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লেনোভোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেন জুডং।