খেলায় উত্সাহ জোগাবে রোবট ফ্যান

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২০:০৫
মাঠে খেলোয়াড়দের উত্সাহ দিতে নতুন এক পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেজবল দল। হানওয়া ঈগল নামের এই বেজবল দলটি গত পাঁচ বছরে মাঠে অত্যন্ত খারাপ ফলাফল করেছে। ফলে ফ্যানদের অনেকেই এখন আর কষ্ট করে স্টেডিয়ামে হানওয়া ঈগলের খেলা দেখতে তেমন একটা আগ্রহী হয়ে ওঠেন না। আবার ব্যস্ততার কারণেও অনেকেই স্টেডিয়ামে হাজির হতে অপারগ হন। এসব ক্ষেত্রে যাতে মাঠে নিজেদের সমর্থকদের অভাব না ঘটে, সে কারণেই দর্শকদের অনুপস্থিতিকে রোবট দিয়ে পূরণের পরিকল্পনা নিয়েছে হানওয়া ঈগল। এই রোবট ফ্যানরা মাঠে উপস্থিত থেকে সাধারণ দর্শকদের মতোই হাততালি দেবে, উত্সাহব্যঞ্জক আওয়াজ করবে এবং মেক্সিকান ওয়েভও তৈরি করতে পারবে। ফলে দর্শকদের অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলবে না। আর সমর্থকরা সশরীরে উপস্থিত না থাকতে পারলেও হাজির হওয়া রোবটের মুখে নিজেদের ছবি ব্যবহার করে ভার্চুয়ালি উপস্থিত থাকার স্বাদ নিতে পারবেন।