বছর দুয়েক আগে ব্যবসায়িক ক্ষেত্রের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইয়াম্মারকে কিনে নেয় মাইক্রোসফট। এর পর থেকেই একে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তারা। এরই ধারাবাহিকতায় এবারে অফিস ৩৬৫-এর অধীনে নিয়ে আসা হয়েছে ইয়াম্মারকে। ৫ লক্ষাধিক গ্রাহক ইয়াম্মার ব্যবহার করে থাকে জানিয়ে মাইক্রোসফট জানিয়েছে, একে অফিস ৩৬৫-এর সব ব্যবহারকারীর কাছেই পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই একে অফিস ৩৬৫-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়াম্মার ব্যবহার করে যেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে, সেই উদ্দেশ্য মাথায় রেখেই ইয়াম্মারের উন্নয়নেও এখন কাজ করবে অফিস ৩৬৫ এবং আউটলুকের ডেভেলপার টিম। ইয়াম্মারকে নিয়ে নতুন এই উদ্যোগে এই সোস্যাল সেবার প্রতিষ্ঠাতারও বিদায় ঘটেছে। ইয়াম্মারের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ডেভিড স্যাকস। নতুন কোনো উদ্যোগের সাথে যুক্ত হতেই তিনি মাইক্রোসফট এবং ইয়াম্মার ছেড়েছেন বলে জানিয়েছেন টুইটারে।
