বক্তার কোনো একটি কথাকে যদি পুরোপুরি উদ্ধৃত না করে তার অংশবিশেষ উদ্ধৃত করা হয় বা বলা হয় তাহলে অনেকাংশে এটি শ্রোতাদের যেমন ভুল পথে পরিচালিত করে তেমনি ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে বক্তার জন্যও। আর বিশ্বব্যাপী সমাদৃত ও জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি’র একটি সংবাদের ক্ষেত্রেও সম্প্রতি এমনই একটি আলোচনার জন্ম দিয়েছে সংবাদের খণ্ডিত উপস্থাপন। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ব্রিটেনের রাণীর ঘোড়াগুলোর একটির মধ্যে নিষিদ্ধ ড্রাগ মরফিনের অস্তিত্ব প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে যে, খাদ্যে সম্ভাব্য দূষণের কারণেই হয়তো এ ধরনের মরফিন ঘোড়াটির শরীরে প্রবেশ করে থাকতে পারে। তবে রাণীর এই ঘোড়াটিই ২০১৩ সালে রয়েল অ্যাসকট প্রতিযোগিতায় গোল্ড কাপ জেতায় এ বিষয়টি বেশি করে আলোচনায় আসে। আর মানুষের এই আগ্রহের প্রতি গুরুত্ব দিয়েই বিবিসি তাদের সংবাদ শিরোনামে টিকার হিসেবে (টিভি’র বিভিন্ন অনুষ্ঠান চলার সময় পর্দার নিচের অংশে যে চলমান সংবাদ শিরোনাম দেখা যায়) প্রচার করে। এতে যে শিরোনামটি দেওয়া হয় তাহলো, ‘এ রেস হর্স ওউনড বাই দ্য কুইন হ্যাস টেস্টেড পজিটিভ ফর মরফিন।’ কিন্তু ঝামেলা বাঁধে যখন একদল দর্শক এই শিরোনামটি টিভিতে টিকার হিসেবে দেখানোর সময় শিরোনামটির অংশ বিশেষসহ টিভি পর্দার স্ক্রিন শট নিয়ে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে। এতে দেখা যায়, ‘কুইন হ্যাস টেস্টেড পজিটিভ ফর মরফিন।’ বলা বাহুল্য, সংবাদ শিরোনামের এই খণ্ডিত উপস্থাপনকেই সত্য বলে ধরে নিয়ে অনেকেই বিষয়টি ওয়েবে অন্যদের সাথে শেয়ার করতে বা এ বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেন। তবে এ সময় যে বা যারাই টিভি খুলে তাদের চক্ষুু-কর্ণের বিবাদ ভঞ্জনের চেষ্টা চালিয়েছেন, তাদের সকলেরই আসল বিষয়টা বুঝা হয়ে গেছে।
