উন্নয়ন অন্বেষণ’র প্রতিবেদন

ব্যাংকিং খাতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর তাগিদ

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:০৩
গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ-এর সাম্প্রতিক অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাত সংকটাপন্ন ফাঁদে আটকে পড়েছে। একদিকে উচ্চ সুদের হার, অতিরিক্ত তারল্য, বেসরকারি খাতে ঋণ প্রবাহ হ্রাস দেশের মোট বিনিয়োগের ওপর চাপ তৈরি করছে, অন্যদিকে ব্যাংক ব্যবস্থাপনার ওপর রাজনৈতিক ও পারিবারিক আধিপত্য, কেন্দ্রীয় ব্যাংকের ঢিলেঢালা নজরদারি, শিথিল ঝুঁকি ব্যবস্থাপনা এবং উপর্যুপরি কেলেঙ্কারি ব্যাংক ব্যবস্থাপনায় সংকট তৈরি করছে ও অংশীদারদের লাভ কমিয়ে দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ব্যাংকিং খাতে নেয়া উদারিকরণ নীতিসমূহ উচ্চ সুদের হার ও সুদের হারের ব্যবধান কমাতে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে পারেনি। অন্যদিকে সরকারি ও ব্যক্তিখাতে ব্যাংকের ওপর অধিকৃত পরিচালন ব্যবস্থা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অদূরদর্শিতা ব্যাংক কেলেঙ্কারি এবং ঋণ খেলাপির মত সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। ঝুঁকি অব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ব্যাংকিং খাত কাঠামোগত জটিলতায় আটকে পড়েছে, যা খেলাপি ঋণ বৃদ্ধি করে ইকুইটির আয় হার হ্রাস করেছে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। নিম্ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে কারণ হিসেবে পরিচালন ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, ব্যাংক ব্যবস্থাপনার ওপর কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল নজরদারি, উচ্চ সুদের হার এবং রাজনীতিবিদদের হস্তক্ষেপকে দায়ী করা হয়েছে। এদিকে সুদের হার ব্যবধান এই বছরও বেশি রয়েছে। ২০১৪ সালের এপ্রিল মাসে ৫.১৪ শতাংশ ছিল। ২০১৩ সালের এপ্রিল মাসে এই ব্যবধান হার ৫ শতাংশের নীচে ছিল এবং তারপর থেকে বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঋণের বিস্তার ও বিনিয়োগ প্রবৃদ্ধির মধ্যে যোগসূত্র নির্দেশ করে ‘উন্নয়ন অন্বেষণ’ বলছে যে, ঋণের প্রবৃদ্ধির হারের নিম্নগতি বিনিয়োগ হ্রাস করবে, ফলে মোট দেশজ উত্পাদন প্রবৃদ্ধি হ্রাস করবে। অভ্যন্তরীণ খাতে ২০১৪ সালের মার্চ নাগাদ ঋণের প্রবৃদ্ধির হার হ্রাস পেয়ে ১১ দশমিক ৩২ শতাংশে দাঁড়ায়, যা গত বছর এই সময়ে ছিল ১১ দশমিক ৮৬ শতাংশ। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির হার ২০১৪ সালের মার্চ মাসে ১১ দশমিক ৪৭ শতাংশে দাঁড়ায় যা গত বছর ১২ দশমিক ৭২ শতাংশ ছিল। ব্যাংকি খাতে বৃহত্ আর্থিক কেলেঙ্কারি ও ঝুঁকি ব্যবস্থাপনার দুর্বলতার দিক উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের মার্চ মাসে নন পারফরমিং লোন (খেলাপি ঋণ) ২০১৩ সালের ডিসেম্বর মাসের ৮.৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১০.৫ শতাংশে উপনীত হয়েছে। এদিকে ব্যাংকিং খাতে আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধ ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার তাগিদ দিয়ে প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ কার্যক্রম ও তত্ত্বাবধান ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।