সালথায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:০৬
ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া গ্রামে গত বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে রূপসী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এক বছর আগে অবৈধভাবে বিদ্যুতের লাইন নেন খোকন মোল্লার বসত বাড়িতে। গত বৃহস্পতিবার বিকালে খোকনের স্ত্রী রূপসী বেগম বাড়ির উঠানে কাপড় নাড়তে গেলে বিদ্যুতের তারের সাথে স্পষ্ট হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা খোকনকে চাপ দিয়ে পুলিশ ম্যানেজ করে লাশ পরিবারের কাছে রেখে দেন। পরে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়। এ ছাড়া নেতারা অবৈধ বিদ্যুত্দাতা ওহিদকে আরো ১ লাখ জরিমানা করে এবং স্থানীয় অন্যান্য নেতাকর্মীদের ম্যানেজ করান। নিহতের মা রাজিয়া বেগম বলেন, টাকা দিয়ে কি হবে আমার মেয়েকে কেউ কি ফেরত এনে দিতে পারবে? মেয়ে মারা গেছে আমার অথচ নেতারা এবং পুলিশ সালিশ বাণিজ্য করার জন্য ব্যস্ত ছিল। এ কারণে এলাকার নেতাদের চাপে পড়ে এ জরিমানা আমরা গ্রহণ করি। সালথা থানার ওসি ডি এম বেলায়েত বলেন, ময়না তদন্তের জন্য পুলিশ লাশ আনতে গিয়েছিল। নিহতের পরিবার লাশ আনতে দেয়নি। তা ছাড়া এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেনি।