লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে মাটিতে রং মিশিয়ে তৈরি ভেজাল টিএসপি সার বিক্রির অপরাধে গত শুক্রবার রাতে মোয়াজ্জেম হোসেন নামে একজন সার ব্যবসায়ীকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ১৩৫ বস্তা ভেজাল সার ধ্বংসের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মতিউর রহমান নামের একজন কৃষক ওয়ালিয়া বাজারের মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন মেসার্স আব্দুর রহমান এন্টারপ্রাইজ থেকে এক বস্তা টিএসপি সার কিনেন। এরপর মতিউর রহমান তার জমিতে সার প্রয়োগ করার সময় সন্দেহ হলে বিষয়টি লালপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম ওয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ করিমকে সাথে নিয়ে ওই সারের দোকানে অভিযান চালিয়ে মাটিতে রং দিয়ে তৈরি ১৩৫ বস্তা টিএসপি সার জব্দ করেন। এ সময় পুলিশ দোকান মালিক মোয়াজ্জেম হোসেনকে আটক করে।
সার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন আদালতকে জানান, ঢাকার ডেমরা এলাকার মোল্লা এন্টারপ্রাইজ থেকে আপন এগ্রো লিমিটেডের নাটোরের টেরিটোরি অফিসার আতিয়ার রহমানের মাধ্যমে তিনি নিজের অজান্তে ভেজাল সার ক্রয় করেছিলেন। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মাটি প্রসেসিং করে তা প্যাকেটজাত করা হয়েছে। যার কোন গুণগত মান নেই। লালপুর থানার ওসি আব্দুল হাই জানান, ভেজাল সার বিক্রির অভিযোগেই তাকে আটক করাসহ গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে।
