নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল কলেজপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাহাগিলী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একটি অভিযোগ করেছেন।
নয়ানখাল কলেজপাড়া গ্রামের ছয়ফল হোসেনের ছেলে জয়নাল হোসেন তার ক্রয়কৃত ২২ শতাংশ জমিতে দুই বছর আগে শতাধিক ফলদ, বনজ ও কাঠের গাছ লাগান। কিন্তু প্রতিবেশি তফির উদ্দিনের পুত্র আছরাফ আলী পূর্ব শত্রুতাবশত গত ২৪ জুলাই সকালে কুরাল দিয়ে শতাধিক গাছ কেটে ফেলে।
জয়নাল হোসেন জানান, আমার ক্রয়কৃত ঐ জমি দীর্ঘ ২০ বছর ধরে ভোগ দখল করে আসছি। আছরাফ আলী হঠাত্ সেই জমির দাবিদার সেজে আমার লাগানো শতাধিক গাছ কেটে ফেলেছে। আমার লাগানো গাছগুলোর মূল্য প্রায় ২ লাখ টাকা।
গাছ কাটার ব্যাপারে আছরাফ আলী বলেন, কাগজে-কলমে জমি আমার। জয়নাল হোসেন জোরপূর্বক আমার জমিতে গাছ লাগিয়েছিল। আমার জমি দখলে নেয়ার জন্য আমি গাছগুলো কেটেছি।
বাহাগিলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জানান, কাগজ-পত্রে জয়নাল হোসেনই প্রকৃতপক্ষে ঐ জমির মালিক। সে দুর্বল এবং গরিব হওয়ায় প্রতিপক্ষ জোরপূর্বক এ ঘটনা ঘটিয়েছে।
বাহাগিলি ইউপি চেয়্যারম্যান আতাউর রহমান শাহ্ দুলু জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক, আছরাফ আলী গাছ কেটেছে মর্মে একটি অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
