ভারতীয় কাপড়ের দখলে দিনাজপুরের ঈদ বাজার

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৪০
দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিম্নবিত্তদের ঈদের খুশিকে কেন্দ্র করে জেল রোডের দোকানগুলোতে ক্রেতাদের জমজমাট আনাগোনা। আর বিত্ত ও মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা চলছে মালদ্হপট্টি ও স্টেশন রোডের দোকানগুলোতে। ভারতীয় শাড়ি আর থ্রি-পিসে দিনাজপুরের ঈদের বাজার সয়লাব। ঈদকে উপলক্ষ করে সীমান্তবর্তী জেলা দিনাজপুরে চোরাইপথে এসেছে কোটি কোটি টাকার ভারতীয় কাপড়। ঈদ-উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বাজার ও বিপনী কেন্দ্রে উপচে-পড়া ভিড়। ক্রেতারা নিজেদের পছন্দের কেনাকাটা সারছেন। নিম্নবিত্তের পরিবারগুলো তাদের কেনাকাটা ও শখের জিনিসপত্র কিনছেন জেলরোডের রেইনবো মার্কেট ও ইন্সটিটিউটের সামনের দোকান থেকে। প্রতিদিন অসংখ্য ক্রেতা এখান থেকে কেনাকাটা করে ঘরে ফিরছেন। তুলনামূলকভাবে দাম কম হওয়ায় এখানে নিম্নবিত্তের মানুষের ঈদের খুশি অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরাকারবারী চক্র বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় থ্রি-পিস ও শাড়ি নিয়ে এসে দিনাজপুরের ঈদ বাজার সয়লাব করেছে। ভারতীয় কাপড়ের দাপটে দেশীয় কাপড় একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। সীমান্তবর্তী জেলা দিনাজপুরের মার্কেটগুলোতে ঈদ উপলক্ষে কোটি কোটি টাকার শাড়ি, থ্রি-পিস চোরাইপথে এসেছে। বিজিবি, পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে সংঘবদ্ধ চোরাকারবারীর দল ঈদ উপলক্ষে ভারতের কাপড়ে দিনাজপুরের বাজার সয়লাব করেছে। কাপড়ের পাশাপাশি জুতা-স্যান্ডেল, কসমেটিক্স ও অন্যান্য পণ্যের বাজারও জমে উঠেছে।