আন্দোলনের প্রস্তুতিতে না’গঞ্জের বিএনপি

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৪০
ঈদের পর কঠোর আন্দোলনে যাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বেগম খালেদা জিয়া ঘোষণার পর নড়েচড়ে বসতে শুরুর করেছে নারায়ণগঞ্জ বিএনপি। চোখে পড়ার মতো কোন তত্পরতা না থাকলেও তারা বক্তব্য ও বিবৃতিতে জোরদার হয়েছে। যদিও বিএনপি ও তার সহযোগী অধিকাংশ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি। তারপরও নেত্রীর নির্দেশনা তৃণমূলে পৌঁছে দেয়া হয়েছে এবং সময় হলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে নারায়ণগঞ্জবাসী এমন দাবি থেকে নেতারা সরে দাঁড়াননি। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ঈদের পর আন্দোলন বেগমান করা হবে। নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, অতীতের মতোই নগর বিএনপির সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে। রূপগঞ্জের বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, ঈদের পরেই রূপগঞ্জে ব্যাপক আন্দোলন করা হবে। নারায়ণগঞ্জ যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, আন্দোলনকে সফল করতে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি। মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মহানগর যুবদল অতীতের মত হামলা মামলা নির্যাতনকে পদদলিত করেই রাজপথ কাঁপাবে। নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে লড়াই করবে তারা। মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ বলেন, ঈদের পরের আন্দোলনেও রাজপথ ছাড়বো না।