সাভারে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৪১
সাভারের বিরুলিয়া ইউনিয়নে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় ওই ব্যবসায়ীকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বিরুলিয়ার সামাইর এলাকায়। ওইদিন রাত ২টার দিকে ব্যবসায়ী সাহেদ আহমেদ আদনান সাভারে কাজ শেষে বাড়ি ফেরায় পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সুজন, মোজাম্মেল, মোস্তফা, ফরিদ, মামুন, শাহীনসহ আরো কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে এবং হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একপর্যায়ে আদনান মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।