বিভিন্ন ঘটনায় তিন জন খুন

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৫৮
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। আড়াইহাজারে লাশ উদ্ধার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গিরদা খাল থেকে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় (২২) এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আড়াইহাজার থানার এস আই মনির জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোন স্থানে হত্যা করে লাশটি রাতের আধারে কুমারপাড়া খালে ফেলে রাখা হয়েছে। আদমদীঘিতে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার আদমদীঘিতে গতকাল শনিবার দুপুরে অমল মন্ডল (৫৫) নামে এক হিন্দু কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত কোন মামলা হয়নি। তবে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেয়া হবে। লাশের মুখে ও চার পাশে সাদা পাউডার জাতীয় দ্রব্য পড়ে থাকতে দেখা গেছে। অমল মন্ডলের স্ত্রী শেফালী জানান, অমল মন্ডল গত শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফিরেনি। মুন্সীগঞ্জে সন্ত্রাসীর গুলিতে কিশোর নিহত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপির সরকারপাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীর গুলিতে আহত নুরুল ইসলাম (১৬) গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। মালিরপাথরের মাদবরবাড়ির জামাল হোসেন একটি পুরনো মোটর সাইকেল বাকিতে বিক্রি করে সরকার পাড়ার আ. করিমের কাছে। বিক্রির পাওনা টাকা দেয়ার তারিখ ছিল শুক্রবার। টাকা নিতে এসে করিমকে না পেলেও তার সহযোগী নুরুল ইসলামের সাথে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল গুলি করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, এ ঘটনায় নিহতের পিতা মোহন পোদ্দার বাদি হয়ে তিনজনের নামসহ আরো অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা করেন। এখনও কেউ গ্রেফতার হয়নি।