ঈদে প্রেক্ষাগৃহে...

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:৪৯

আর কয়েকদিন পরই ঈদ। ঈদে সবার বিনোদনের অন্যতম মাধ্যম বড়পর্দা। নতুন সিনেমা মুক্তির এই উত্সবে প্রতিবারই থাকেন শাকিব খান। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। এবার মুক্তি পাচ্ছে তাঁর দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব। মালেক আফসারী পরিচালিত এই সিনেমায় আবারো বুবলীকে তাঁর বিপরীতে দেখা যাবে। এবার ঈদে সর্বোচ্চ হলে মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে অনেক বিতর্কের পর অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘নোলক’। এমনটা এখন পর্যন্ত নিশ্চিত। ববির সাথে জুটি বেঁধে শাকিবের এই সিনেমার পরিচালক নিয়ে দ্বন্দ্বের কারণে মুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই দ্বন্দ্ব এখন পর্যন্ত চললেও সিনেমার কলাকুশলীরা এরইমধ্যে একটি সংবাদ সম্মেলন করেন। যেখানে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে সেখানে উপস্থিত ছিলেন না শাকিব। শাকিব তাঁর প্রযোজিত সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। ‘নোলক’ নিয়ে তেমন কিছু বলছেনও না শাকিব। ঈদে প্রায় একশ’ হলে মুক্তি পাবে সিনেমাটি।

শাকিব খানের বিপরীতে ঈদে সিনেমা মুক্তি মানেই ঝুঁকি। কারণ ঈদে সিনেমার আলোচনা থাকে মূলত শাকিবকে ঘিরে। সেই জায়গায় অন্য সিনেমা কতটুকু ব্যবসা করতে পারবে সেটাই সবচেয়ে বড় ঝুঁকি। সেই ঝুঁকি নিয়েই মুক্তি পাচ্ছে আরো দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘আবার বসন্ত’। এই ছবির মাধ্যমে প্রথমবার দুই প্রজন্মের দুই শিল্পীর অসমবয়সী প্রেমের রসায়ন ফুটে উঠবে রূপালি পর্দায়। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম ও স্পর্শীয়া।

এছাড়াও মুক্তি পাবে নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’ সিনেমাটি। এবার ঈদুল ফিতরে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে চিত্রনায়িকা শম্পা ও কল্যাণ কোরাইয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’।