সরকারি জায়গায় দোকান বরাদ্দ দিলেন ওসি

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:৫৮
নওগাঁর ধামইরহাট থানার বাউন্ডারী ঘেঁষে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ১০টি দোকান ঘর ৫০ হাজার টাকার বিনিময়ে বরাদ্দ দেয়া হয়েছে বলে ধামইরহাট থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে উপজেলার মধ্যে দিয়ে যাওয়া একমাত্র প্রধান সড়কে যানজট সৃষ্টি হবে। বরাদ্দ নেয়া বাবু, ভাধু, সুমনসহ অনেকে জানান, গত কয়েক মাস থেকে থানার সামনে দোকান বরাদ্দ নিয়ে ওসি একেএম মিজানুর রহমানের সাথে দেনদরবার অনুষ্ঠিত হয়। প্রথমে দোকান প্রতি ১৫ হাজার টাকা চাইলেও পরে ৫ হাজার টাকা করে চুক্তি মোতাবেক পরিশোধ করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। ধামইরহাট থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, যে স্থানে দোকান ঘরগুলো নির্মাণ হচ্ছে সে জায়গা থানার নয়। তারপরও আমি দোকান নির্মাণ দীর্ঘদিন ধরে ঠেকিয়ে রেখেও বর্তমান আর ঠেকাতে পারছি না। তার বদলির নির্দেশ হওয়ায় বিভিন্ন মহল তার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে। পত্নীতলা সার্কেল এএসপি সৈয়দ ইকবাল হোসেন জানান, থানার সামনে পরিষ্কার দেখেছিলাম। দোকান বরাদ্দ দেয়ার বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ধামইরহাট ইউএনও হেমায়েত উদ্দিন জানান, ঘটনাটি তার জানা নেই। ওই জায়গাটি সড়ক ও জনপদ বিভাগের। তবে ঘটনাটি তদন্ত করে ঊধ্বর্তন মহলকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।