প্যানেলভুক্ত শিক্ষকদের ফরিয়াদ

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২২:০১
২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণার মধ্য দিয়ে ২৬০০০ রেজি. প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এর আগে ২০১০ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির অধীনে ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত পরীক্ষার পর ২০১২ সালের ৯ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪২ হাজার ৬১১ জনকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু ৪২ হাজার ৬১১ জনের মধ্যে প্রায় ১৮ হাজার জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। বাকি ২৪ হাজার জনকে প্যানেলভুক্ত করে রাখা হয়েছে। ইতোমধ্যে প্যানেলভুক্তদের অনেকেই অন্য চাকরিতে যোগদান করেছে। ফলে মূলত ১০ হাজারের মতো প্যানেলভুক্ত প্রার্থী নিয়োগের অপেক্ষায়। যাদের অনেকেরই চাকরির বয়ঃসীমা অতিক্রমের দরুন অন্য চাকরিতে যাওয়ার সুযোগও নেই। তাছাড়া এই প্যানেলভুক্তরা সরকারি বিধি অনুযায়ী উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এদের উপেক্ষা করে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আর তাই প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্তদের অতিদ্রুত নিয়োগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। শায়লা শারমিন, প্যানেলভুক্ত শিক্ষক, কাশারুপাড়া, জামালপুর