সার্ক এবং এলডিসিভুক্ত দেশগুলোতে বাণিজ্য বৃদ্ধি করতে হবে

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২২:০৩
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্কের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাণিজ্য বৃদ্ধি এবং দারিদ্র্য মোচনের ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব। সাফটা প্রতিষ্ঠার আট বছর পরও সার্কভুক্ত দেশগুলো অন্যান্য বাণিজ্যিক জোটের মত নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সামনে অনেক বাধা রয়েছে। এ বাধাগুলো জরুরিভিত্তিতে অতিক্রম করা প্রয়োজন। সদস্য দেশগুলোর নিয়ন্ত্রিত অনেক পণ্য রয়েছে। এ নিয়ন্ত্রিত পণ্যের সংখ্যা কমিয়ে সার্কভুক্ত এবং এলডিসিভুক্ত দেশগুলোতে বাণিজ্য বৃদ্ধি করতে হবে। সাফটার অধীনে সেবাখাত নিয়ে চলমান আলোচনা দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর পণ্যের পাশাপাশি সেবাখাতকে কাজে লাগিয়ে অর্থনীতিতে গতিসঞ্চার করতে হবে। বাণিজ্যমন্ত্রী গত শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফটা মিনিস্টিরিয়াল কাউন্সিল কমিটির ৮ম সভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন। -তথ্য বিবরণী