প্রধান শিক্ষককে লাঞ্ছনা
চাঁদা না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক শিক্ষাসদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন সরকারকে জুতাপেটার প্রতিবাদে গতকাল শনিবার সকালে কসবা-নয়নপুর সড়কের বায়েক চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষর্থী, অভিভাববক, শিক্ষক ও পরিচালনা পর্ষদ। এতে এলাকার সাধারণ লোকজন ও উপজেলা শিক্ষক সমিতির নৃেতবৃন্দ অংশ নেয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঐ ঘটনার প্রতিবাদে আজ রবিবার উপজেলা সদরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধনের ঘোষণা দিয়েছে।
২১ জুলাই দুপুরে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে নূরুন্নবী আজমল ও তার লোকজন প্রধান শিক্ষককে জুতাপেটা ও কিলঘুষি মারেন। স্থানীয় লোকজন ও অন্য শিক্ষকরা এসে তাদের কবল থেকে শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে নূরুন্নবী আজমলকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে কসবা থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
