মিরপুরের ঝুটপট্টির বস্তিবাসী এবং পাইকপাড়া নূর এ মদিনা আজমেরি দরবার এতিমখানার শিশুদের জন্য শুক্রবার ছিলো একটি বিশেষ দিন। সারাদিন রোজা শেষে তাদের ইফতারের জন্য চিন্তা করতে হয়নি। ইফতারের পর পরই তারা পেয়েছে উন্নতমানের খাবার। আর এতিমদের আনন্দের সাথে আরো একটি উপলক্ষ যোগ হয়েছে। এবারের ঈদের নতুন জামা তারা হাতে পেয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডস বস্তিবাসী এবং এতিমদের জন্য ইফতার এবং নতুন জামার ব্যবস্থা করে।
আয়োজকরা জানান, বস্তিবাসীর মাঝে ইফতার এবং এতিম শিশুদের ঈদ বস্ত্র বিতরণের মধ্যদিয়ে ‘জেলা-৩১৫ এ২’ এর নতুন ক্লাব হিসেবে লায়নস ক্লাব অব ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডস-এর সেবামূলক কাজেরও উদ্বোধন এটি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিভিশনের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর গভর্নর এ.এফ.এস রঈস আহমেদ। প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এম.কে.বাশার, ক্লাব প্রেসিডেন্ট লায়ন খন্দকার সেলিমা রওশন, ক্লাব সেক্রেটারি লায়ন গাজী মো. আসলিম উদ্দিনসহ ক্লাবের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
