সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন টাঙ্গাইল মডেল থানার এএসআই নুরুল ইমলাম (৩০)। টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় গত শুক্রবার রাত ১২টার দিকে অভিযান চালাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তার মৃত্যু হয়। ঢাকায় সাভারের গৌরীপুর গ্রামে তার বাড়ি।
টাঙ্গাইল মডেল থানার ওসি আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাত ১২টার দিকে পূর্ব আদালতপাড়ার মৃত ফরিদ ড্রাইভারের ছেলে উল্কার বাড়িতে সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে যায় ১০ জন পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী উল্কা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। তার বুকে ২টি গুলি লাগে। এ সময় উল্কা অস্ত্রসহ দলবল নিয়ে পালিয়ে যায়।
