রাজশাহীতে গ্রামে ছুটছে মানুষ

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২২:৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর ফাঁকা হতে শুরু করেছে বিভাগীয় মহানগর রাজশাহী। গতকাল শনিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরীর চেহারা চোখে পড়েনি। প্রতিদিনের ভিড়-যানজট দিয়ে দিনের শুরু হয়নি। ফাঁকা সড়ক ও মার্কেটে স্বস্তিতে মানুষ নিজ নিজ কাজ করেছেন। কমেছে চিরচেনা বাহন রিক্শা ও ব্যাটারি চালিত অটোরিক্শার ভিড়। ভিড় কমেছে নামী-দামি শপিংমল, বিপণী-বিতানেও। তবেনগরীর সাহেববাজার ও গণকপাড়ার ফুটপাতে ভিড় কমেনি। গ্রামের দরিদ্র মানুষ শহরের ফুটপাতে কেনাকাটার জন্য ভিড় করছেন। এবারে ঈদযাত্রা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। শিক্ষানগরী হিসেবে পরিচিত নগরীর বড় প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিক্যাল কলেজসহ ডজনখানেক বৃহত্ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার শিক্ষার্থীরা চলে যাওয়ায় ফাঁকা হয়ে গেছে গোটা মহানগরী।