কোরআন শরীফের বাংলা পদ্যানুবাদ গ্রন্থ ‘কাব্য আমপারা’, যেটা কবিতা রূপে অনুবাদ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পবিত্র কোরআন শরীফের ৩০ পারার সবগুলো সুরা রয়েছে এতে। অর্থ ও ভাবকে অক্ষুণ্ন রেখে ৩৮টি সুরার ‘কাব্য আমপারা’ নজরুলের এক অনন্য নিবেদন।
দুই বাংলার ২৩ জন আবৃত্তিশিল্পীর কণ্ঠে অডিও রেকডিং হয়ে প্রকাশিত হলো কাব্য আমপারা। অ্যালবামটিতে অংশ নেওয়া আবৃত্তিকারদের মধ্যে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, ডলিয়া আহমেদ , শাহাদাত হোসেন নিপু, ইকরাম আহমেদ, আল-আমীন খান, সীমা ইসলাম, রেহানা পারভীন, নায়লা বারীসহ ওপার বাংলার সোনালী কাজী, উজ্জ্বল কাজী, শাহনারা কাজী প্রমুখ ।
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে পবিত্র কোরআন শরীফের সুরা অনুবাদ ধ্বনি ধর্মপ্রাণ মানুষের ভালোলাগাকে নিয়ে যাবে অনন্য মাত্রায়।
ঢাকার কবি নজরুল সেন্টারের উদ্যোগে সোশ্যাল মিডিয়া হাউজ ‘গ্রিন ডট’ থেকে প্রকাশিত নজরুলের কাব্য আমপারা বাংলাভাষী আবৃত্তি শ্রোতাদের মুগ্ধ করবে সেই প্রত্যাশা সবার। প্রকাশনাটির ভাবনা ও পরিকল্পনা আল-আমীন খানের। আর পরিচালনায় রয়েছেন ফেরদৌস খান।
