কক্সবাজারের শীর্ষ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অনেক মামলার আসামি উষা রাখাইনকে তার কথিত স্বামী সৈয়দ মোহাম্মদ শাকিল ও আরো ২ সহযোগীসহ ফের গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১ কেজি ৬০ গ্রাম হেরোইন, ২ রাউন্ড তাজা গুলি, রামদা ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে র্যাবের একটি দল শহরের মাছবাজার রাখাইন পল্লীস্থ উষা রাখাইন-এর বাড়িতে এ অভিযান চালায়। অভিযানে গ্রেফতার অপর দুই সহযোগী হলেন মাইছেনু এবং মাছেন।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, উষা রাখাইনকে গত কয়েক মাস আগেও গ্রেফতার করা হয়েছিল। তার কথিত স্বামী সৈয়দ মোহাম্মদ শাকিলও কয়েকবার ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ মোহাম্মদ শাকিল মাইটিভির কক্সবাজার প্রতিনিধি পরিচয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন।
এদিকে কক্সবাজারের মাদক সম্রাজ্ঞি উষা রাখাইনের খুঁটির জোর নিয়ে প্রশ্ন ওঠেছে। সে মাদকসহ বার বার ধরা পড়েও স্বল্প সময়ের মধ্যে কীভাবে বেরিয়ে যান তা তদন্ত করার দাবি জানিয়েছে মাদক বিরোধী সংস্থা ‘শান্তি’।
