সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মতলব’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। প্রচার হবে এনটিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা চুমকী, উর্মিলা শ্রাবন্তী কর, অহনা রহমান, এ্যানি খান, ওয়াহিদা মল্লিক জলি, আবদুল্লাহ রানা, মাসুম বাশার প্রমুখ। মতলব গ্রামের একজন সহজ-সরল যুবক। পৃথিবীতে তাঁর কেউ নেই। একা একাই গ্রামে বসবাস করে সে। যেহেতু তাঁর কেউ নেই, তাই তাঁর একমাত্র চাওয়া দু-বেলা দু-মুঠো খেয়ে পরে বেঁচে থাকা। এই বেঁচে থাকার জন্যই সে নিয়মিত গ্রামের বিভিন্ন বাড়িতে কাজের জন্য যায়। কিন্তু সমস্যা হচ্ছে মতলব একজন অলস প্রকৃতির যুবক। সে কাজ করতে পারে না, আবার সে চায়ও না। এই নিয়েই নাটকের গল্প আস্তে আস্তে সামনে এগুতে থাকে। এই অবস্থায় গ্রামে আগমন ঘটে হারেসের। যে কি-না মতলবের বাল্যবন্ধু। মতলব হারেসের নিকট তাঁর করুণ অবস্থার কথা বললে হারেস মতলবকে বিদেশ পাঠাবে বলে আশ্বস্ত করে।
