কবিতা

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২২
খুব টেনে ধরতে হবে— দেখে নাও তবে যদি থাকে! এক আর দুই তার যোগফল? তবু যে শূন্যই! শূন্যতাও টানে খুব, উড়ে যেতে পরামর্শ দেয়। খুব টেনে ধরা গেছে! তাই দ্যাখো থেকে যায়— থাকে! যখন বেড়াল পড়ে যায় তার নিজস্ব বিপাকে, যখন রাতের থালা থেকে ওড়ে নক্ষত্রের খই— তখন পৃথিবী থেকে ঝরে পড়ে যা কিছু অন্যায়! তারপর শুধু ছাই— ছাইমাখা দেখি কবিতাকে। যতদূর পাঠযোগ্য ততদূর হয় ধাবমান আমাদের নিজস্বতা বলে যদি কিছু থেকে থাকে— অন্ধকার রাতে ওঠে শিকারীর হল্লা আর হৈ— মশাল জ্বালিয়ে ছোটে মানবের বামন সন্তান। কিছু নেই! কিচ্ছুতে কিছুই আর নয় ততোধিক— তবুও অঙ্কের তুমি— পথ হাঁটো তুমুল পথিক!