এখানে আসবে তুমি? এই ঘরে?
একটু দাঁড়াও, আসবাবগুলো বাইরে রেখে আসি।
স্নানঘর, টাব—ওগুলোও বাইরে পাঠিয়ে দিই।
তারপর নিয়ে আসি এক শান্ত নীল হ্রদ
ফুলে-ফুলে ছাওয়া ছোট-বড় ক’টি গাছ
বাতাসে বিভোর এই এতটুকু বনতল...
তারপর সন্ধ্যা নেমে এলে
দেখবে
পাখিরা ফিরবে ঘরে আকাশের গন্ধ গায়ে মেখে
ঝিঁঝিঁরা মত্ত হবে ঐকতানে
জোনাকিরা ব্যস্ত রবে আলোকসজ্জায়...
তারপর এসো তুমি—এখানে আমার কাছে।
